নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিলের জাবেদা নকল সরবরাহ ও দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় এবং সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. তানজীর আহমেদ।
তিনি আরো জানান, অভিযানকালে টিমের সদস্যরা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখকদের সেরেস্তা, মহাফেজখানা, রেকর্ডরুম ও এজলাস কক্ষের আশপাশে অবস্থান করে সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের বিষয়ে সরেজমিনে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। একই সঙ্গে কার্যালয় থেকে সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
অভিযানকালে উপস্থিত সেবা গ্রহীতাদের বক্তব্যে জানা যায়, দলিল নিবন্ধন ও জাবেদা নকল সরবরাহের ক্ষেত্রে দলিল লেখক সমিতির নামে দলিল লেখক, নকলনবিশ ও তল্লাশিকারকগণ সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করছেন। সার্বিক পর্যালোচনায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযানকালে সংগৃহীত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
# দূরবীন