নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও -এ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন পণ্য ও সেবা ক্রয়ে জাল-জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ প্রদান, সরকারি অর্থ আত্মসাৎ এবং হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজ ও স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের নিলাম কার্যক্রমে অননুমোদিত অংশগ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন ।গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. তানজীর আহমেদ।
তিনি আরো জানান, অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা যমুনা ব্যাংক পিএলসি, ঠাকুরগাঁও শাখা পরিদর্শন করে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে। পর্যালোচনায় হাসপাতালের তত্ত্বাবধায়কের স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠান উক্ত নিলামে বিজয়ী হওয়ায় নিলাম প্রক্রিয়ায় তাঁর প্রভাব বিস্তারের সম্ভাবনা ও স্বার্থের সংঘাতের (Conflict of Interest) বিষয় রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।
# দূরবীণ