নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ, চিকিৎসা যন্ত্রপাতি অকেজো রেখে সেবাব্যাহত করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (১৫ নভেম্বর) ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয় থেকে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতার উল ইমলাম।
তিনি আরো জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে এবং পরবর্তীতে সরাসরি হাসপাতালে উপস্থিত হয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করে। এ সময় রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের নিম্নমান, ওষুধের অপ্রতুলতাসহ বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। পরবর্তীতে অন্যান্য অভিযোগের বিষয়ে সেবা গ্রহীতা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি অভিযোগসংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
অভিযানকালে সংগৃহীত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা ও যাচাই-বাছাইপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
#