নিজস্ব প্রতিবেদক
হঠাৎ করে রাজধানী ঢাকাসহ সারাদেশে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস এবং যানবাহনে হামালার ঘটনায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ দিয়েছেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি এ নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের চলমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান নিতে বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোরও নির্দেশনা দিয়েছেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দলের পরবর্তী করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, বুধবার দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে বৈঠক শেষ হয়।
# দূরবীন