নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলবে।
অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ উপদেষ্টা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। ঢাকার বাইরের একটি কেন্দ্রে ভোট দেবেন সরকারে একজন উপদেষ্টা। এই মুহূর্তে রাজধানীর বাইরে যাওয়ার সুযোগ না থাকায় একজন উপদেষ্টা ভোট দেবেন না বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম চট্টগ্রাম মহানগরের মেহেদীবাগে নিজ এলাকার একটি কেন্দ্রে ভোট দেবেন।
চট্টগ্রাম জেলার বাসিন্দা ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. খালিদ হোসেন জরুরি কাজ থাকায় তিনি ভোটের দিন ঢাকায় থাকবেন। তাই এবারের নির্বাচনে তিনি ভোট দিতে পারছেন না বলে জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ভোটের দিন জরুরি কাজ থাকায় চট্টগ্রাম যেতে পারবেন না বলে এবার তার ভোট দেওয়া হবে না।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন গুলশান-২ নম্বরে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন ধানমন্ডির একটি কেন্দ্রে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার শ্যামলী শিশুমেলার কাছের একটি কেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব। সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ভোট দেবেন মহাখালী ডিওএসএইচ এলাকার একটি স্কুল কেন্দ্রে।
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে। শিক্ষা উপদেষ্টা ড. সিআর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন। রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার ই ব্লকের একটি কেন্দ্রে ভোট দেবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভোট দেবেন রাজধানীর সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজ কেন্দ্রে।
গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান গুলশানে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গুলশান মডেল স্কুল কেন্দ্রে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গুলশানের একটি কেন্দ্রে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বারিধারার স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ঢাকায় নিজ এলাকায় ভোট দেবেন।
#