ডেস্ক নিউজ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ মুসলিমরা। তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো দায়িত্বে থাকাকালে ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি কোনো একটি মসজিদ পরিদর্শন করেন । সেদিন মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের ইসলামিক সোসাইটি অব বাল্টিমোরে যান তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে মুসলিম সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, ইসলাম বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের ইতিহাসের অংশ। কোনো একটি ধর্মের ওপর আঘাত এলে তা সব ধর্মের ওপর আঘাতের শামিল।
ওবামার এই সফর এমন এক সময়ে হয়েছিল, যখন যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রতি বিদ্বেষ, বৈষম্য ও সন্দেহের পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছিল। ২০১৫ সালে প্যারিস ও সান বার্নার্ডিনোতে সন্ত্রাসী হামলার পর দেশটির মুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে নানা ধরনের বক্তব্য ও হয়রানির ঘটনা সামনে আসে। তৎকালীন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেও মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার মতো প্রস্তাব আলোচনায় ছিল।
মসজিদে উপস্থিত মুসলিম নেতাদের পাশাপাশি স্থানীয় সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ওবামা বলেন, অনেক মার্কিন নাগরিক কখনো মসজিদে যাননি। তাদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের গির্জা, সিনাগগ কিংবা উপাসনালয়ের কথা ভাবলে মসজিদের পরিবেশও পরিচিত মনে হবে। এখানেও মানুষ সৃষ্টিকর্তার ইবাদত করে, সন্তানদের শিক্ষা দেয় এবং সমাজের কল্যাণে কাজ করে।
তিনি বলেন, ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ। দেশটির ঔপনিবেশিক আমল থেকেই আফ্রিকা থেকে আনা দাসদের অনেকেই মুসলিম ছিলেন। নানা প্রতিকূলতার মধ্যেও তাদের অনেকে নিজেদের ধর্মীয় বিশ্বাস ধরে রেখেছিলেন।
ওবামা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের ধর্মীয় স্বাধীনতার ধারণার কথাও তুলে ধরেন। তিনি বলেন, টমাস জেফারসন ও জন অ্যাডামসের নিজস্ব কোরআন ছিল। যুক্তরাষ্ট্রের সংবিধান ও অধিকার সনদে ধর্মীয় স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তা সব ধর্মের মানুষের জন্যই প্রযোজ্য।
বক্তব্যের একপর্যায়ে ওবামা বলেন, ধর্মীয় স্বাধীনতার বিষয়ে আন্তরিক হলে সংখ্যাগরিষ্ঠ খ্রিষ্টানদেরও বুঝতে হবে, একটি ধর্মের ওপর আঘাত মানে সব ধর্মের ওপর আঘাত। কোনো ধর্মীয় জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হলে অন্য সবার দায়িত্ব প্রতিবাদ জানানো।
তিনি আরো বলেন, ধর্মের ভিত্তিতে মানুষকে লক্ষ্যবস্তু করা কিংবা কুসংস্কার ও বিদ্বেষকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার প্রবণতা প্রত্যাখ্যান করতে হবে। যুক্তরাষ্ট্রে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ও সহিংসতা বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
ওবামার ভাষায়, মুসলিম আমেরিকানরা দেশটির প্রতিবেশী, শিক্ষক, চিকিৎসক, বিজ্ঞানী, উদ্যোক্তা ও ক্রীড়াবিদ। তারা যুক্তরাষ্ট্রের সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। তাদের শুধু সন্ত্রাসী হামলার পর সংবাদমাধ্যমে আলোচনায় আসা জনগোষ্ঠী হিসেবে দেখা উচিত নয়।
তিনি বলেন, মুসলিমদের যুক্তরাষ্ট্রের সমাজে নিজেদের অবস্থান নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। তারা এ দেশেরই অংশ। মুসলিম পরিচয় বজায় রেখেও গণতান্ত্রিক ও বহুত্ববাদী সমাজের সক্রিয় নাগরিক হওয়া সম্ভব।
ওবামা তার বক্তব্যে মুসলিমদের পাশাপাশি খ্রিষ্টান, ইহুদি ও অন্যান্য ধর্মের মানুষের নিরাপত্তা ও স্বাধীনতার বিষয়েও কথা বলেন। তার মতে, ধর্মীয় স্বাধীনতা কেবল ধর্ম পালনের অধিকার রক্ষা করে না; রাষ্ট্রকেও ধর্মীয় বিদ্বেষকে রাজনৈতিক ক্ষমতা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা থেকে সুরক্ষা দেয়।
তিনি বলেন, কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ বা সহিংসতা দেখা দিলে অন্যদের নীরব দর্শক হয়ে থাকা উচিত নয়। সবাইকে একসঙ্গে বৈষম্য ও গোঁড়ামির বিরুদ্ধে দাঁড়াতে হবে।
প্রেসিডেন্ট হিসেবে ওবামার এই সফর যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। হোয়াইট হাউসের সংরক্ষিত নথি অনুযায়ী, এটি ছিল দায়িত্ব পালনকালে কোনো মার্কিন মসজিদে তাঁর প্রথম সফর। তার বক্তব্যে ধর্মীয় স্বাধীনতা, বহুত্ববাদ এবং মুসলিম আমেরিকানদের নাগরিক অধিকার ও সামাজিক অবদানের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
সূত্র: হোয়াইট হাউসের সংরক্ষিত নথি, হোয়াইট হাউসের ভিডিও আর্কাইভ, হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশন, দ্য ওয়াশিংটন পোস্ট ও এনপিআর
#