নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, নিয়োগ বিজ্ঞপ্তি ব্যতীত কর্মচারী নিয়োগ এবং সিজার অপারেশন ও কেবিনের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তারা মো. আকতার উল ইসলাম।
তিনি আরো জানান, অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ওই হাসপাতালের এক্স-রে ও প্যাথলজি বিভাগ পরিদর্শন করে। এ সময় এক্স-রে বিভাগে ৩ জন এবং প্যাথলজি বিভাগে ২ জন টেকনিশিয়ান হিসেবে কর্মরত থাকলেও তাঁদের সংশ্লিষ্ট কাজের কোনো সনদ বা অভিজ্ঞতা নেই।

এছাড়াও তাঁদের কোনো প্রাতিষ্ঠানিক বা আউটসোর্সিং নিয়োগপত্র নেই এবং ব্যক্তিগত উদ্যোগে তাঁরা এ কাজে নিয়োজিত হয়েছেন বলে জানা যায়। পরিদর্শনে আরও দেখা যায়, এক্স-রে বিভাগে প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর কাছ থেকে পরীক্ষার ফি আদায় করা হলেও জমা রেজিস্টারে দৈনিক মাত্র একজন রোগীর ফি জমার তথ্য লিপিবদ্ধ রয়েছে।
একইভাবে প্যাথলজি বিভাগে বিভিন্ন পরীক্ষা বাবদ আদায়কৃত ফির তুলনায় জমা রেজিস্টারে উল্লেখযোগ্য কম অর্থ জমার তথ্য পাওয়া যায়। এছাড়া হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রেও অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযানকালে ফি আদায়ের রশিদের মুড়ি অংশ, রেজিস্টার ও অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র জব্দ করা হয়েছে। জব্দকৃত নথিপত্র বিস্তারিত পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
# দূরবীন