নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের রামপাল উপজেলার গাবতলা ও সগুনা গ্রামের মধ্যবর্তী খালের ওপর এলজিইডি কর্তৃক নির্মাণাধীন ব্রিজে ঠিকাদার ও প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার (২২ নভেম্বর) দুদকের বাগেরহাট জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছে দুদকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা হানজির আহমেদ।
তিনি আরো জানান ,অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সরেজমিনে সেতুটি পরিদর্শন করে। পরিদর্শনে সেতুর মূল কাঠামো, ফুট স্লাব ও উইংয়ের ঢালাই সম্পন্ন অবস্থায় পাওয়া যায়।
তবে সেতুর সংযোগ সড়কের মাটি খননের কাজ চলমান থাকতে দেখা যায়। পরবর্তীতে RHD বিভাগের একজন নিরপেক্ষ প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সেতুর বিভিন্ন অংশের পরিমাপ গ্রহণ করা হয়। এছাড়া নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে সেতুর বিভিন্ন অংশ থেকে কোর নমুনা সংগ্রহ করা হয়, যা পরীক্ষাগারে পরীক্ষা করা হবে। অভিযানকালে সংগৃহীত প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র, কোর নমুনা পরীক্ষার ফলাফল এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
# দূরবীন