নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে ডগাইর-বামৈল এলাকায় ৯.২৫ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন । আজ বুধবার (১৮ নভেম্বর) তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন,ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান । তিনি আরো জানান, আগামী দুই মাসের মধ্যে কাজটি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এর আওতায় প্রায় ৪৪ হাজার ঘনমিটার স্লাজ ও বর্জ্য অপসারণ করা হবে। প্রকল্পের অধীনে কোনাপাড়া-গলাকাটা খাল, ডগাইর খাল, মহাকাশ রোড খাল এবং সংশ্লিষ্ট শাখা খালগুলো পরিষ্কার ও পুনঃখনন করা হবে। এর মধ্যে কোনাপাড়া ব্রিজ থেকে গলাকাটা ব্রিজ পর্যন্ত ৪.৫ কিলোমিটার, স্টাফ কোয়ার্টার থেকে সাংবাদিকের বাড়ি পর্যন্ত ২.৫ কিলোমিটার, মহাকাশ রোড সংলগ্ন ০.৭৫ কিলোমিটার এবং সাংবাদিকের বাড়ি থেকে আজিমউদ্দিন জামে মসজিদ পর্যন্ত ১.৫ কিলোমিটার খাল অন্তর্ভুক্ত রয়েছে। খালগুলোর প্রস্থ ১২ থেকে ২৫ ফুট।
উদ্বোধনকালে ডিএসসিসি প্রশাসক মোঃ আবদুস সালাম বলেন, “কোনাপাড়া ও গলাকাটা খালসহ আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছেন। তাঁদের এই দুর্ভোগ লাঘবে খাল পরিষ্কার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। খাল পরিষ্কারের পর দুই পাশ বাঁধাই করে ওয়াকওয়ে নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।”
খালগুলো যেন পুনরায় দখল বা দূষণের শিকার না হয়, সে বিষয়ে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, “খালে কেউ যেন পলিথিন ও আবর্জনা না ফেলেন, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। খাল দখলমুক্ত ও পরিষ্কার রাখতে এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন; কারণ জলাবদ্ধতায় আশপাশের বাসিন্দারাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।”
জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে প্রয়োজন অনুযায়ী কালভার্ট নির্মাণের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, “সিটি কর্পোরেশনের অর্থায়নে প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণ করা হবে, যাতে মানুষ সহজে খালের এপার-ওপার যাতায়াত করতে পারেন। তবে খালের জায়গায় কোনো অবৈধ কালভার্ট, বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান বরদাশত করা হবে না। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
ডিএসসিসির অঞ্চল-৮ ও ৯-এর অধীন ৬৪, ৬৭ ও ৬৮ নম্বর ওয়ার্ডের এই কার্যক্রম বাস্তবায়িত হলে প্রায় আট লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। খালগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমার পাশাপাশি মশার প্রজননস্থল হ্রাস ও ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া খালের পাড়ের পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নাগরিকগণ উপস্থিত ছিলেন।
# দূরবীন