নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে লোকজনকে পাসপোর্ট সেবা প্রদানের নামে অযথা হয়রানি, দালালচক্রের সঙ্গে যোগসাজশের মাধ্যমে সরকারি নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় এবং আবেদনপত্র গ্রহণে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের কিশোরগঞ্জ জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. তানজীর আহমেদ।
তিনি আরো জানান, অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা প্রথমে ছদ্মবেশে অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করে। পরবর্তীতে সরাসরি অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্ট সেবা প্রার্থীদের সঙ্গে কথা বলেন। ওই সময় প্রতীয়মান হয় যে, পাসপোর্ট সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাসে অফিসের বাইরে অবস্থানরত দালালচক্র সেবা গ্রহীতাদের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত অর্থ আদায় করছে। এ বিষয়ে প্রাথমিক সত্যতাও পাওয়া যায়।
এ ছাড়া ইস্যুকৃত পাসপোর্ট বিতরণে বিলম্ব ও অনিয়মের অভিযোগ পাওয়া যায়। অনেক সেবা গ্রহীতা দীর্ঘদিন অপেক্ষা করেও পাসপোর্ট না পাওয়ার বিষয়টি টিমকে অবহিত করেন। অভিযানকালে পাসপোর্টের আবেদন গ্রহণ, ফিঙ্গারপ্রিন্ট প্রদান ও পাসপোর্ট বিতরণসহ সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
# দূরবীন