ডেস্ক নিউজ
সারাদেশে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে শহরের পূজামণ্ডপ গুলোতে আজ সিঁদুর খেলায় মেতে ওঠেছেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। আজ বুধবার (২১ অক্টোবর) দুপুর থেকে দিনাজপুর শহরে সব দুর্গাপূজা মন্ডপে উৎসবের শেষ দিনে মণ্ডপে সমবেত হয়ে নারীরা একে অপরের কপালে ও গালে সিঁদুর মাখিয়ে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। উৎসবের এই উচ্ছ্বাসের পাশাপাশি দেবী দুর্গাকে মর্ত্যলোক থেকে বিদায় জানাতে গিয়ে অনেকের চোখে অশ্রু ঝরে। খবর বাসস।
আজ বুধবার দুপুর ১২টা থেকে দিনাজপুর শহরে বিভিন্ন পূজামণ্ডপে দশমীর ধর্মীয় আচার শেষে সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। লালপাড় সাদা শাড়িসহ নানা রঙের বর্ণিল পোশাক পরে মণ্ডপ প্রাঙ্গণে আসেন নারী ভক্তরা।
ঢাকের বাদ্য, কাঁসা, শঙ্খধ্বনি আর নারীদের উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুজা মন্ডপের চারপাশ। উৎসবের তাৎপর্য তুলে ধরে অংশ গ্রহণকারী নারীরা জানান, দুর্গাপূজা কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়; এটি আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির এক সার্বজনীন মিলন মেলা। দেবী দুর্গার বিদায়ে মনে বিষাদ এলেও আগামী বছর তার পুনরায় মত্যের্লৈাকে আগমনের প্রত্যাশায় দিনটি উদযাপন করছেন তারা।
দুর্গাপূজা মণ্ডপগুলোতে বিজয়ার শেষ দিনে দর্শনার্থী ও ভক্তদের ভিড় ছিল চোখে পরার মত। সিঁদুর খেলা সম্পন্ন হওয়ার পর নির্ধারিত নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে জেলায় ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই দিনটি উদযাপিত হচ্ছে।
দিনাজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরুপ কুমার বকশী বাচ্চু বাসস’কে জানান, আজ শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া। আজ দুপুর আড়াইটার পর পূজা মন্ডপগুলো থেকে প্রতিমা নামানো হবে। বিকেল ৪টা থেকে প্রতিমা বিসর্জনের জন্য যানবাহন যোগে পুনর্ভবা নদীর নির্দিষ্ট স্থানে প্রতিমা বিসর্জন শেষ হবে। এজন্য পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন বলে তিনি জানান।
#