জ্যেষ্ঠ প্রতিবেদক
হঠাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা অ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের। এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ। এ সময় সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এখন পর্যন্ত অন্তত দুটি বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম।
আজ শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম। আব্দুস সালাম বলেন, রাত ৭টার পর পুলিশের কাছে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর আসে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট যায়। এখন পর্যন্ত বোমা সদৃশ দুটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। আরও বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করার কাজ চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মেট্রোরেল স্টেশনের নিচে কে বা কারা এসব বোমা সদৃশ বস্তু রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করতে সেখানে যায়। প্রাথমিকভাবে এগুলো কী ধরনের বোমা, নাকি ককটেল ছিল তা নিশ্চিত করা যায়নি।
তবে নিষ্ক্রিয় করা দুটি বোমা সদৃশ বস্তুর ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে এবং সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল বলে একটি সূত্র জানিয়েছে। ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে রেখেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের কাজ করছেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ছাতা পড়ে থাকতে দেখি। তার ভেতরে বোমা সাদৃশ্য বস্তু ছিল। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তাদের টিম ঘটনাস্থলে এসে সেটি নিস্ক্রিয় করে। তিনি বলেন, কে বা কারা এ ছাতা ফেলে রেখে গেছেন তার জানা যায়নি। তবে তদন্ত চলছে।
আ, দৈ,./ কাশেম