নিজস্ব প্রতিবেদক
চাঁদাবাজির পাশাপাশি প্রকাশ্যে ছিনতাই ও ডাকিাতিতে জড়িয়ে পড়ছে বিএনপির অংগ সংগঠনের মাঠ পর্যায়ের কিছু নেতা- কর্মীরা। এবার রাজধানীতে সোনা ছিনতাইয়ের মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই ছাত্রদল নেতা।
শাহজালাল বিমানবন্দর এলাকায় ২০০ গ্রাম সোনার গহনা ছিনতাইয়ের মামলায় এক দিনের রিমান্ড শেষে বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাসেন শান্ত ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি মো. আব্দুর রউফকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জামিন আবেদনের শুনানির জন্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিন ধার্য করা হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আবু বক্কর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সাব্বির হোসেন দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আব্দুল রহমান তাদের জামিনের আবেদন করে মঙ্গলবার শুনানির দিন নির্ধারণের অনুরোধ জানান। পরে আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
মামলার এজাহার অনুযায়ী, বাদী মো. সুমনের বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। পরিবারের একটি বিয়েসহ ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনি গত ২৮ আগস্ট মালয়েশিয়া থেকে প্রায় ২০০ গ্রাম সোনার গহনা পাঠান।
ওই দিন রাতে বাদী তার বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে সোনার গহনাগুলো বুঝে নেন। পরে একটি ভাড়া করা মাইক্রোবাসে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে গিয়ে তারা নামেন।
এজাহারে বলা হয়েছে, মাইক্রোবাস থেকে নামার পর কয়েকজন তাদের ঘিরে ধরেন। এ সময় তাদের মারধর করা হয়। এক পর্যায়ে তাদের কাছে থাকা ২০০ গ্রাম সোনার গহনা নিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর বাদী ২৯ আগস্ট বিমানবন্দর থানায় মামলা করেন। মামলার তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুই আসামিকে শনাক্তের পর গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মামলায় বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন হাসেন শান্ত এবং বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে আসামি করা হয়েছে।
এর আগে, ৩০ আগস্ট শান্ত ও রউফকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে সোমবার তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
#